স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এর ফলে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক আদেশের মাধ্যমে ৩১ জানুয়ারি থেকে বৃদ্ধি করে আগামী ২৮ ফেব্রুয়ারি আয়কর রিটার্ন দাখিলের সময় নির্ধারণ করে এনবিআর।
আদেশে বলা হয়, আয়কর আইন ২০২৩ এর ধারা ৩৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, স্বাভাবিক ব্যক্তি (Individual) ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাগণের ২০২৫-২০২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ৩১ জানুয়ারি ২০২৬ তারিখের পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ নির্ধারণ করেছে।
আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে এ বছর বিশেষ পরিস্থিতির কারণে তিন দফায় মোট তিন মাস সময় বৃদ্ধি করা হয়েছে।
এনবিআর বলছে, এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল ও বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব ব্যক্তিশ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ২০২৫-২৬ কর বছরে বেশ কয়েক শ্রেণির করদাতার অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হলেও তাঁরা ইচ্ছা করলে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন।
করদাতার পক্ষে তাঁর ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও এ বছর অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন। এ ছাড়া, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতার ক্ষেত্রে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা না থাকলেও তাঁর পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল অ্যাড্রেস ইত্যাদি তথ্য ereturn@etaxnbr.gov.bd ই-মেইলে পাঠিয়ে আবেদন করলে আবেদনকারীর ই-মেইলে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠানো হচ্ছে। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতারাও ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করে সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন।
