স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (বিএএসএ) অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন ভবনের মিলনায়তনে অ্যাসোসিয়েশনের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংসদ সচিবালয়ের সচিব ও অ্যাসোসিয়েশনের সভাপতি বেগম কানিজ মওলা। সভা পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত মহাসচিব ও পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা।
বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে, সে বিষয়ে প্রশাসনের সব স্তরের কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি ও খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকার, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ ও বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান, উপ-কোষাধ্যক্ষ ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান মিঞা, যুগ্ম মহাসচিব ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব এ কে এম হাফিজুল্লাহ খান লিটন এবং অর্থ বিভাগের যুগ্মসচিব নুরজাহান খানসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা। সভায় নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে বিদায়ী কমিটিকে অভিনন্দন জানানো হয়।
