আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় মো: আজাদ হোসেন (৩১) নামের এক ঝুট ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) বেলা ৪টারদিকে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত এ ঘটনায় আশুলিয়া থানায় কোন মামলা দায়ের হয়নি। এছাড়া এ ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার বা জড়িত থাকার অভিযোগে কেউ গ্রেফতার হয়নি।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে সাভার উপজেলার আশুলিয়ার ছয়তলা এলাকায় এ গুলির ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আজাদ হোসেন নোয়াখালি জেলার কবিরহাট থানার পশ্চিম সোনাদিয়া গ্রামের মো: ইউনুসের ছেলে। তিনি জামগড়ায় ঝুটের ব্যবসা করেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রকাশ্যে জনসাধারণের সামনে আজাদের বামপায়ে ও কোমরে গুলি করা হয়। এ সময় ভুক্তভোগী আজাদ তাকে গুলি করেছে বলে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে। কী কারণে তাকে গুলি করা হয়েছে তা জানা যায়নি।
আহতের স্বজনরা জানান, সোমবার দুপুরে আশুলিয়ার ছয়তলা এলাকায় নিজের ঝুটের গোডাউনে আসেন আজাদ। পরে তাকে কেউ গুলি করে পালিয়ে যায়। এরপরে আজাদকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক মিয়া বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আজাদ নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সে পেটে গুলিবিদ্ধ হয়েছে। তার অপারেশন করা হয়েছে বলে জানান তিনি।
গুলিবিদ্ধ আজাদ হোসেন বলেন, ‘আমি মোটরসাইকেল ছিলাম, মোটরসাইকেল স্লো করে আমি নামলাম। এ সময় ছয়তলার দিক থেকে দু’টা ছেলে আসল। এসে একজন চারটা ও আরেকজন একটি গুলি করেছিল। আমি ওই ছেলেকে চিনি, তার নাম তৈয়ব, খুলনার কান্দাপাড়া বাড়ি। আর ওকে পাঠিয়েছে বকুল মিয়া। কী কারণে আমাকে গুলি করেছে তা আমি জানি না। বকুল মিয়ার সাথে ওই সময় মোবাইলে আলাপ করছিল, শুধু এতোটুকুই জানি।’
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ আজাদ প্রায় ১ মাস আগে অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলো। অতিসম্প্রতি সে জামিনে মুক্তি পায়। আজাদের সঙ্গে ঝুট ব্যবসা নিয়ে বকুল ভূঁইয়ার ছেলে যুবলীগ নেতা রনি (৩১) ও যুবলীগ নেতা স্যুটার রাজুর দ্বন্দ্ব রয়েছে। তারাই এই হামলার পিছনে জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রুবেল হাওলাদার গুলিবিদ্ধের খবর নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধের কারণ জানার চেষ্টার চলছে। বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।
