আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম। এরআগে, সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-ধামরাইয়ের কুমরাইল এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. লেহাজ উদ্দিন (৫৫) ও আশুলিয়ার নয়ারহাটের চাকলগ্রাম এলাকার মো. শুকুর আলীর ছেলে মো. আব্দুল আজিজ (৪৫)।
ডিবি পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সোয়া ৬টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইনসহ লেহাজ উদ্দিন ও আব্দুল আজিজ নামের দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আব্দুল আজিজের বিরুদ্ধে ইতিপূর্বে দুটি মাদক মামলা রয়েছে।
ডিবি পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে সাভার, আশুলিয়া, ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
