স্টাফ রিপোর্টার : দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জের জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (১৯ জানুয়ারী) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, জাহিদ মালেকের দুই মেয়ে সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দুদকের পক্ষে সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই-বাছাই করা হচ্ছে।
অনুসন্ধানকালে নথিপত্র, গোপন তথ্য ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা গেছে, অভিযোগ সংশ্লিষ্টরা দেশত্যাগের চেষ্টা করছেন। আবেদনে আরও উল্লেখ করা হয়, তারা বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে। সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন।
উল্লেখ্য, মানিকগঞ্জ সদর আসন থেকে জাহিদ মালেক ২০০১ সালে প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। পরে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচন শেষে তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এবং পরবর্তী মেয়াদে স্বাস্থ্যমন্ত্রী হন। তার মন্ত্রিত্বকালেই দেশে করোনাভাইরাস মহামারী ছড়িয়ে পড়ে। এ সময় স্বাস্থ্য খাতে সুরক্ষা সামগ্রী কেনাকাটায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
রাজনীতিতে আসার আগে তিনি ব্যবসায় যুক্ত ছিলেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বিডি থাইফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন তিনি।
