আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়া অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।
এরআগে ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানার নবীনগর নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-রাজবাড়ী জেলার কালুখালী থানার চামুকদিয়া এলাকার মৃত বদর উদ্দীনের মেয়ে চম্পা পারভীন (৩৫) এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কুমুরিয়া এলাকার মৃত ইয়াকুব হোসেনের ছেলে সাইদুর রহমান (৪০)। তারা উভয়েই বর্তমানে আশুলিয়ার নিরিবিলি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
ডিবি পুলিশ জানায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে আশুলিয়ার নবীনগর নিরিবিলি এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পরে এ সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
