আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) সকালে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে আশুলিয়া শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে ৫ জন পুলিশ আহত হয়েছে।
আশুলিয়া-ডিইপিজেড সড়কের সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের নাম পরিচয় জানা যায়নি।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গত কয়েক মাস ধরে শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করছে না মেডলার গ্রুপের পোশাক কারখানা কর্তৃপক্ষ। তবে গত মাসের অপারেটরদের বেতন পরিশোধ করলেও কারখানার অন্যান্য শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়নি। ফলে শ্রমিকরা বকেয়া বেতনের জন্য কারখানার সামনে জড় হলে পুলিশ তাদের ধাওয়া দেয়।
শ্রমিকদের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধের দাবি জানায় আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হলে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে ৫ জন পুলিশ সদস্য আহত হয়।
