আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়া থেকে ছয়টি চোরাই গরু ভর্তি ট্রাকসহ চার জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। রবিবার (১৮ জানুয়ারি) ঢাকা জেলা ডিবির (উত্তর) ওসি সাইদুল ইসলাম হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এই তথ্য জানান।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে আশুলিয়ার সাধুমার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ময়মনসিংহের কোতোয়ালি থানার গোপালনগরের সেলিম মিয়া (৩৫), টাঙ্গাইলের মধুপুরের পোদ্দারবাড়ী এলাকার তোজাম্মেল (৩৬), বগুড়ার ধুনটের বিলচাপড়ি এলাকার খালেক বিশ্বাস (৪০) ও সিরাজগঞ্জের সলঙ্গা থানার সুজনপুর এলাকার জিয়াউল খান (৩০)।
ডিবি জানায়, রাতে সাধুমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ছয়টি চোরাই গরু ভর্তি ট্রাকসহ চার জনকে গ্রেফতার করা হয়। গরুর বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা, ট্রাকটি প্রায় ২০ লাখ টাকা মূল্যের।
ঢাকা জেলা ডিবির (উত্তর) ওসি সাইদুল ইসলাম বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতি, চুরি অপহরণ ও মাদকদ্রব্যসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
