মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিংগাইরে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে আবেগ, দীর্ঘ ৮৪ বছর পর আনন্দ আর প্রজন্মের মিলনমেলা
daily-fulki

সিংগাইরে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে আবেগ, দীর্ঘ ৮৪ বছর পর আনন্দ আর প্রজন্মের মিলনমেলা


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : সময় অনেক দূর এগিয়েছে। তবু কিছু স্মৃতি কখনো পুরোনো হয় না। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঐতিহ্যবাহী নবগ্রাম উচ্চ বিদ্যালয় যেন সেই স্মৃতিরই জীবন্ত প্রতিচ্ছবি। দীর্ঘ ৮৪ বছর পর প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক আবেগঘন পুনর্মিলনী যেখানে মিলেছে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ।


শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকেই বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রঙিন ব্যানার-ফেস্টুনে সেজে ওঠে পুরো এলাকা। ব্যাচভিত্তিক অংশগ্রহণে প্রবীণ প্রাক্তন শিক্ষার্থীদের চোখে ছিল নস্টালজিয়ার জল, আর নবীনদের চোখে গর্বের দীপ্তি একই প্রতিষ্ঠানের উত্তরাধিকার বহনের আনন্দে একাকার সবাই।


অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব প্রকৌশলী মুহম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং জাহিদুর রহমান বিশ্বাস ও দীপা রানী মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি কর্ম কমিশনের সদস্য ও সিনিয়র সচিব (অবসরপ্রাপ্ত) ড. মো. মহীউদ্দীন। তিনি বলেন, নবগ্রাম উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি এ অঞ্চলের শিক্ষা বিস্তার ও মানবিক মূল্যবোধ গঠনের এক অনন্য কেন্দ্র।


এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. অমূল্য চন্দ্র মণ্ডল, আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা অতিরিক্ত সচিব (অব.) মো. বজলুল হক বিশ্বাস, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মতিউর রহমান, সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাধব চন্দ্র রায় এবং বর্তমান প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত শিক্ষা বিস্তার, মানবসম্পদ উন্নয়ন ও সমাজ গঠনে এর গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।


দীর্ঘদিন পর সহপাঠী ও প্রিয় শিক্ষকদের সঙ্গে পুনর্মিলনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কেউ স্মৃতির টানে হারিয়ে যান পুরোনো দিনের ক্লাসরুমে, কেউ মেতে ওঠেন হাসি-আড্ডা ও গল্পে। পরিচিত মুখ খুঁজে নেওয়ার উচ্ছ্বাস, অতীতের দিনগুলোর স্মৃতিচারণা আর ফটোসেশনে পুরো প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে পড়ে আনন্দের আবেশ।


অনুষ্ঠানের শেষ পর্বে জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল-এর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা পুরো আয়োজনে যোগ করে ভিন্নমাত্রা। তাঁর কণ্ঠে গানে গানে যেন অতীত আর বর্তমান এক সুতোয় গাঁথা পড়ে।


আয়োজকরা জানান, এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়-এটি প্রজন্ম থেকে প্রজন্মে ভালোবাসা, সম্পর্ক ও ঐতিহ্যের বন্ধন দৃঢ় করার এক অনন্য উপলক্ষ। ভবিষ্যতেও এমন মিলনমেলার ধারাবাহিকতা বজায় রেখে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


এই মিলনমেলা তাই শুধু স্মৃতির ফিরে দেখা নয়; এটি বর্তমানকে উদ্যাপন আর ভবিষ্যতের পথে একসঙ্গে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাময় ঘোষণা।

 

 

সর্বাধিক পঠিত