মানিকগঞ্জ থেকে : মানিকগঞ্জ জেলার অক্টোবর ও নভেম্বর মাসে টানা পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এবং একই সঙ্গে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন সিংগাইর থানার এক কৃতী পুলিশ কর্মকর্তা। এ উপলক্ষে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম তাঁর হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ২ টায় মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত ক্রাইম মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি অন্যান্য ক্যাটাগরিতেও সেরা পারফরমারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই অর্জনের পেছনে সহযোগিতা ও অনুপ্রেরণার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিংগাইর থানার সকল অফিসার ও ফোর্সের প্রতি, যাদের ভালোবাসা ও সার্বিক সহযোগিতায় আজকের এই সাফল্য সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিশেষভাবে তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান তাঁর শ্রদ্ধেয় সার্কেল অফিসার মহোদয় এবং সিংগাইর থানার অফিসার ইনচার্জের প্রতি, যাদের দিকনির্দেশনা ও সহানুভূতিশীল নেতৃত্ব তাঁকে ধারাবাহিক সাফল্যের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং সিংগাইর থানা পুলিশের পেশাদারিত্ব, নিষ্ঠা ও কর্মদক্ষতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
