সোমবার, ২ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাংকে ব্যানার টানানোর নির্দেশ
daily-fulki

‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাংকে ব্যানার টানানোর নির্দেশ


স্টাফ রিপোর্টার : আসন্ন গণভোটকে সামনে রেখে জনগণকে বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে এবং ‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধ করতে দেশের সব ব্যাংকের শাখায় দুটি করে ব্যানার টানানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনার কথা জানানো হয়। সভায় কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটি গভর্নরসহ দেশের সব বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) উপস্থিত ছিলেন।


সভা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গণভোটের বিষয়টি জনগণের কাছে সহজভাবে তুলে ধরতে এবং ইতিবাচক মনোভাব তৈরির লক্ষ্যে ব্যাংকগুলোকে তাদের শাখা পর্যায়ে ব্যানার প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকিং নেটওয়ার্ককে কাজে লাগিয়ে জনসচেতনতা বাড়ানোর কৌশল হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

একইসঙ্গে এনজিওগুলো যদি গণভোটকে কেন্দ্র করে জনসচেতনতামূলক কর্মসূচি নেয়, তাহলে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে সহায়তা দেওয়ার পরামর্শও দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে করে তৃণমূল পর্যায়ে গণভোট সম্পর্কিত তথ্য ছড়িয়ে দেওয়ার সুযোগ বাড়বে বলে মনে করছেন নীতিনির্ধারকরা।

সভায় ব্যাংক খাতের সামগ্রিক স্থিতিশীলতা নিয়েও গুরুত্বারোপ করেন গভর্নর। খেলাপি ঋণ কমার যে ধারা তৈরি হয়েছে তা যেন অব্যাহত থাকে এবং নতুন করে কোনো ঝুঁকি সৃষ্টি না হয়—সে বিষয়ে ব্যাংকগুলোর প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া স্কুল ব্যাংকিং কার্যক্রমকে আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। এ লক্ষ্যে প্রতিটি ব্যাংকের শাখা ব্যবস্থাপককে বছরে অন্তত দুটি করে স্কুল পরিদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ব্যাংক হিসাব খোলার গুরুত্ব তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বৈঠক শেষে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরিফিন সাংবাদিকদের বলেন, “গণভোট সামনে রেখে ব্যাংক খাতের স্থিতিশীলতা ও জনআস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেলাপি ঋণ কমানোর যে অগ্রগতি হয়েছে তা ধরে রাখা এবং নতুন ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংক অত্যন্ত স্পষ্ট নির্দেশনা দিয়েছে। আমরা সবাই সেই নির্দেশনা বাস্তবায়নে কাজ করবো।

সর্বাধিক পঠিত