আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা মিলন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মিলন মোল্লা আশুলিয়া ইউনিয়নের টংগাবাড়ি এলাকার শাহজাহান মোল্লার ছেলে।
পুলিশ জানায়, মিলনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং আশুলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা।
আশুলিয়ায় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড মশাল মিছিল, অগ্নিসংযোগ ও সহিংস কর্মসূচি পালনে তিনি নিয়মিত অর্থ যোগান দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, মিলন মোল্লার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের সুনির্দিষ্ট তথ্য রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি বিভিন্ন রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।
