সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা বাজার সংলগ্ন এলাকায় বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ স্বর্ণালংকার আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতারিত এক তরুণী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিনদিন ধরে অবস্থান করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ধল্লা গ্রামের কাউছারের ছেলে জিসান (২০) বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে (১৮) ধর্ষণ করেন। পরে তার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ করেন। প্রতারণার শিকার হয়ে ওই তরুণী রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে জিসানের বাড়ি ধল্লা লক্ষ্মীপুর গ্রামে অবস্থান নিচ্ছেন। তবে অভিযুক্ত জিসান ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কথিত এক বিএনপি নেতা ওয়াজুউদ্দিন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এছাড়া অভিযোগকারী তরুণীকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও জানা গেছে।
এলাকাবাসী জানিয়েছেন, জিসান নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মে জড়িত। সদ্য মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনয়ন পাওয়া ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তর নাম ব্যবহার করে তিনি এলাকায় প্রভাব বিস্তার করতেন। সম্প্রতি এই ঘটনার পর তার অতীতের নানা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য প্রকাশ্যে আসছে।
স্থানীয়দের দাবি, জিসান এর আগেও একাধিক তরুণীর সর্বনাশ করেছে এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলেও সূত্রে জানা গেছে। এলাকাবাসী অভিযুক্ত জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, “ঘটনা জানার পর পুলিশ পাঠানো হয়েছিল। মেয়েটির অভিযোগ অনুযায়ী ধর্ষণের ঘটনাটি সাভার থানার এলাকায় ঘটেছে। তাই এ থানায় মামলা নেওয়া সম্ভব নয়। তবে লিখিত অভিযোগ দিলে আমরা সহযোগিতা করব এবং প্রয়োজনে সাভার থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত জিসান ও তার পরিবারের কেউই বাড়িতে নেই, ফলে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
