স্টাফ রিপোর্টার : যুবকদের প্রশিক্ষনের মাধ্যমে দেশে বায়োগ্যাসের বিস্তার ঘটানো সম্ভব। তাই দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ে তোলার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে এ উদ্যোগ বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আন্তরিকতার সহিত কাজ করার কোন বিকল্প নেই।
শনিবার দুপুরে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব উন্নয়ন অধিদপ্তর এর মাঠ পর্যায়ের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জেলা ও উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ইতোমধ্যে ১২ হাজার বায়োগ্যাস সংযোগ দেওয়া হয়েছে। এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি বায়োগ্যাস উৎপাদন ও বিক্রির মাধ্যমে যুবকদের স্বাবলম্বী করতে বেশী করে ঋণ দেয়া হব এবং ঋন কার্যক্রম সহজতর করা হবে।
এছাড়া যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনতে আগামী চার বছরের কর্মপরিকল্পনা, যুব কাউন্সিল গঠন এবং প্রশিক্ষণে নতুন ট্রেড সংযোজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি বলেন, বায়োগ্যাস প্লান্ট স্থাপনের মাধ্যমে যুব উদ্যোক্তাদের ভূমিকা রাখতে যুগান্তকারী পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগুন সন্ত্রাসের মাধ্যমে যারা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে তাদেরকে সরকার পরিকল্পিত ভাবে মোকাবিলা করতে চেষ্টা করছে। এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহফুজুল আলম খান, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোতাহার হোসেন, অধিদপ্তরের পরিচালক প্রশাসন আতিকুর রহমানসহ আরও অনেকে ।
