স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক দিন ধরেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনেক টুর্নামেন্টের নামকরণে সরকার প্রধান ও তাদের পরিবারের সদস্যসের নাম ব্যবহারের রীতি প্রচলিত হয়ে আসছে। তথাকথিত সেই রীতি নিয়ন্ত্রণ করার পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার।
ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্টের নামকরণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের পরিবারের সদস্যদের নাম ব্যবহারে নিতে হবে সরকারের অনুমোদন। এ বিষয়ে নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরীর স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা জানানো হয়েছে। এতে সংশ্লিষ্ট সব পক্ষকে সরকারি অনুমোদন ছাড়া এ ধরনের উদ্যোগ না নেওয়ার অনুরোধ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত কোনো ফেডারেশন, অ্যাসোসিয়েশন, ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা কিংবা তাদের আওতাধীন কোনো ক্লাব প্রতিযোগিতার নামকরণে জিয়া পরিবারের সদস্যদের নাম ব্যবহার করতে চাইলে আগে সরকারের অনুমতি নিতে হবে। শুধু টুর্নামেন্টের নামকরণ নয়, এ ধরনের আয়োজনের প্রচার ও প্রচারণার ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করতে হবে।
ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে দেশের সব ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড, সংস্থা, জেলা ক্রীড়া কর্মকর্তা এবং জেলা ক্রীড়া সংস্থাকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার নামকরণে সরকারপ্রধান এবং তাঁদের পরিবারের সদস্যদের নাম ব্যবহারের প্রচলন দেখা গেছে। এ ধরনের নামকরণের ক্ষেত্রে সরকারি অনুমোদন নিশ্চিত করতেই নতুন নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
