শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
প্রথমবার মা হলেন সামান্থা, জানালেন ছেলের নাম
daily-fulki

প্রথমবার মা হলেন সামান্থা, জানালেন ছেলের নাম


ফুলকি ডেস্ক : দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমোরুর সংসারে এসেছে নতুন অতিথি। প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন এই তারকা দম্পতি। গতকাল ১৯ নভেম্বর পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সামান্থা। ছেলের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে সামান্থা লিখেছেন, ‘আমাদের সুন্দর শিশুপুত্র। দেব নিদিমোরু। আমাদের হৃদয় এর আগে কখনো এতটা আনন্দিত হয়নি।’

পোস্টের সঙ্গে একটি আবেগঘন ছবিও প্রকাশ করেছেন তিনি। ছবিতে দেখা যায়, নবজাতকের ছোট্ট হাত দুটি মা-বাবার হাতের মধ্যে রাখা। ছবিটি প্রকাশের পরপরই ভক্ত ও সহকর্মীরা দম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন।

সন্তানের আগমন উপলক্ষে সম্প্রতি নিজেদের বাড়িতে ঘরোয়া পরিবেশে বিশেষ পূজার আয়োজন করেছিলেন সামান্থা ও রাজ। অনাগত সন্তানের মঙ্গল কামনায় পরিবারের সদস্যদের নিয়ে এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন তারা। ইনস্টাগ্রামে সেই আয়োজনের কয়েকটি মুহূর্তও ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।

অনুষ্ঠানের একটি ছবিতে সামান্থাকে লাল রঙের সালোয়ার-কামিজে দেখা যায়। অন্যদিকে, রাজের পরনে ছিল ক্রিম রঙের কুর্তা ও সাদা পায়জামা। আরও কয়েকটি ছবিতে পরিবারের বড়দের কাছ থেকে আশীর্বাদ নিতে এবং স্বজনদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তখনকার অন্তঃসত্ত্বা অভিনেত্রীকে।

অন্য অনেক তারকা দম্পতির মতো সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে গর্ভধারণের খবর জানাননি সামান্থা ও রাজ। বরং একটি অনুষ্ঠানে হঠাৎ বেবি বাম্প প্রদর্শনের মাধ্যমে ভক্তদের চমকে দেন অভিনেত্রী। নিজের অভিনীত তেলুগু সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠানে রাজ এবং ছবির পরিচালক বিভি নন্দিনী রেড্ডির সঙ্গে উপস্থিত হয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে বেবি বাম্প দেখান তিনি।

‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমাটির সহপ্রযোজকও সামান্থা ও রাজ। ছবিটির গল্প ও চিত্রনাট্য রচনার দায়িত্বেও ছিলেন রাজ নিদিমোরু। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজেও যুক্ত ছিলেন সামান্থা।

গর্ভধারণের খবর প্রকাশ্যে আসার পর একটি অনুষ্ঠানে মাতৃত্বকালীন বিরতি নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, চলমান কাজগুলো শেষ করার পর কিছুদিনের জন্য অভিনয় থেকে দূরে থাকবেন।

সামান্থার ভাষায়, ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর কাজ শেষ করার পর আমার বর্তমান শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কিছুদিনের বিরতি নিতে হবে। আমাকে মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে। এরপর ভক্তদের জন্য নতুন একটি সিনেমা নিয়ে আবার ফিরে আসব।

গত বছরের ১ ডিসেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হন সামান্থা ও রাজ। ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সদ্‌গুরুর ইশা ফাউন্ডেশনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরে তাদের বিয়ের আয়োজন করা হয়েছিল।

এর আগে থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছিল। গত বছর ওয়ার্ল্ড পিকলবল লিগের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর সেই আলোচনা আরও জোরালো হয়। ছবিতে চেন্নাই সুপার চ্যাম্পস দলের খেলা গ্যালারিতে বসে উপভোগ করতে দেখা যায় সামান্থাকে। তার পাশেই ছিলেন রাজ নিদিমোরু। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল বাড়তে থাকে।

কাজের সূত্রেই অবশ্য আগে থেকে পরিচয় ছিল এই দুই তারকার। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ প্রথম একসঙ্গে কাজ করেন তারা। মনোজ বাজপেয়ি অভিনীত সিরিজটিতে সামান্থার অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছিল। পরে আবারও একসঙ্গে কাজ করেন ‘সিটাডেল’ ফ্র্যাঞ্চাইজির ভারতীয় সংস্করণ ‘সিটাডেল: হানি বানি’-তে। এই সিরিজে সামান্থার সঙ্গে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান।

কাজের সম্পর্ক থেকে ব্যক্তিগত জীবনের সঙ্গী হওয়া, এরপর নতুন অতিথির আগমন—সব মিলিয়ে সামান্থা ও রাজের জীবনে এখন আনন্দের সময়। প্রথম সন্তান দেবকে ঘিরে নতুন অধ্যায় শুরু হলো এই তারকা দম্পতির।

সূত্র: এনডিটিভি

 

সর্বাধিক পঠিত