স্টাফ রিপোর্টার : পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার সাভার ও আশুলিয়ার ২০ থেকে ২৫টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এর মধ্যে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে হাজিরা কার্ড পাঞ্চ করে বেরিয়ে গেছেন। অন্যদিকে, ১১টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে ভেতরেই অবস্থান করছেন। বুধবার (১৮ নভেম্বর) সকালে আশুলিয়ায় সাংবাদিকদের এসব তথ্য জানান শিল্প পুলিশ-১-এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।
তিনি বলেন, সকাল থেকে সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।
সকালে শ্রমিকেরা বিভিন্ন পোশাক কারখানায় প্রবেশ করে কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ শুরু না করেই হাজিরা কার্ড পাঞ্চ করে বেরিয়ে যান। এ ছাড়া ১১টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে ভেতরে অবস্থান করছেন।
পুলিশ সুপার বলেন, শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বেরিয়ে আসায় আজ ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
গতকালও ১৩টি কারখানা বন্ধ ছিল। সব মিলিয়ে বর্তমানে ২০ থেকে ২৫টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
তিনি আরো বলেন, যেসব কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন, সেগুলোতে উৎপাদন কার্যক্রম চলছে। বর্তমানে সাভার ও আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, সড়কেও যান চলাচলে কোনো প্রতিবন্ধকতা নেই।
শ্রমিকদের কারখানা থেকে বেরিয়ে আসার বিষয়ে মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কয়েকটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে এসে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় জানমালের নিরাপত্তা রক্ষায় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
তিনি জানান, গতকাল আটটি কারখানা বন্ধ ছিল। আজ নতুন করে রোজ বেস ও পাইওনিয়ার নামের দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
