সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে নাশকতার মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার বাইমাইল গ্রামের বশির উদ্দিন দেওয়ানের ছেলে মামুন দেওয়ান (৪৪), ব্রী কালিয়াকৈর গ্রামের মৃত উসমান গনির ছেলে বেলায়েত হোসেন বিল্টু (৪২) এবং নীলটেক গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে মনির হোসাইন (৩৬)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মামুন দেওয়ান বায়রা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। বেলায়েত হোসেন বিল্টু বলধারা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং মনির হোসাইন জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
পুলিশ জানায়, তাঁদের সিংগাইর থানার ২৮(১১)২৪ নম্বর নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই দিলীপ বিশ্বাস বলেন, বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিবারের দাবি, তাঁরা কেউই ওই মামলার এজাহারভুক্ত আসামি নন। ঘটনার সঙ্গেও তাঁদের কোনো সম্পৃক্ততা নেই।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, নাশকতার মামলায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
