স্টাফ রিপোর্টার : প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের আনন্দের মাধ্যমে পাঠ শেখাতে ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব খেলা তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে শ্রেণিকক্ষে খেলনা ও হাতে-কলমে শেখার বিভিন্ন কার্যক্রম যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে সরকার।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে ‘প্রাথমিক স্তরে স্টেম শিক্ষা : সম্ভাবনা, চ্যালেঞ্জ ও আগামীর ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। গণসাক্ষরতা অভিযান ও নেটজ বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করে।
জানা যায়, প্রথম থেকে পঞ্চম শ্রেণির বিভিন্ন পাঠের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই খেলাগুলোর পদ্ধতি তৈরি করছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি। এছাড়া, প্রাথমিকের সংশোধিত পাঠ্যক্রমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা ও গণিতের (স্টেম) সমন্বিত শিক্ষা আরও কার্যকরভাবে প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, একাডেমি ইতোমধ্যে ৪২০টির বেশি খেলার নকশা তৈরি করেছে। প্রতিটি ক্লাসের জন্য এমন কিছু কার্যক্রম তৈরি করা হয়েছে। এগুলো শেখার প্রক্রিয়াকে আনন্দদায়ক করে তুলবে।
তিনি বলেন, প্রথম শ্রেণির শিক্ষার্থীরা খেলনার মাধ্যমে যোগ-বিয়োগ শিখতে পারবে এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা পরিসীমা ও ক্ষেত্রফল সম্পর্কে ধারণা পাবে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, আমরা ২০২৮ সালে সংশোধিত পাঠ্যক্রম করতে চাই। এটি বড় ধরনের কর্মযজ্ঞ হলেও সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।
প্রতিমন্ত্রী জানান, প্রস্তাবিত শিক্ষাসামগ্রীর মধ্যে পাঠ্যপুস্তকের পাশাপাশি থাকবে ওয়ার্কবুক, ভিডিও পাঠ, বিভিন্ন খেলা ও খেলনা। এছাড়া, যেসব বিদ্যালয়ের জায়গা কম, সেখানে ভবনের ছাদে খেলার মাঠ তৈরির বিষয়টিও সরকার বিবেচনা করছে।
সভায় ‘প্রাথমিক স্তরে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষা সংক্রান্ত সমীক্ষার ফলাফল’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্কিল ইন্সপায়ারের প্রধান পরামর্শক মো. আতাউল গনি ওসমানি।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রাথমিক শিক্ষাক্রম বিভাগের সদস্য ও ঊর্ধ্বতন বিশেষজ্ঞ অধ্যাপক মো. নুরুন্নবী আলম এবং নেটজ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শহিদুল ইসলাম। সভার শুরুতে সূচনা বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক তপন কুমার দাশ।
