মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঐতিহাসিক ও সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে সমন্বিত পরিকল্পনার আওতায় এনে পর্যটন সার্কিট গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এ লক্ষ্যে ‘জেলাভিত্তিক পর্যটন সার্কিট গঠন, উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় জেলায় স্টেকহোল্ডার কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এবং সাটুরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহাতাব।
প্রধান অতিথির বক্তব্যে সালমা সিদ্দিকা মাহাতাব বলেন, ‘মানিকগঞ্জ ইতিহাস ও ঐতিহ্যসমৃদ্ধ একটি অঞ্চল। এখানকার ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়িসহ সম্ভাব্য পর্যটন স্থানগুলোকে সমন্বিত পরিকল্পনার আওতায় এনে একটি আকর্ষণীয় পর্যটন সার্কিট হিসেবে গড়ে তোলা হবে। এর ফলে স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’
সভায় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (বিপণন, পরিকল্পনা ও জনসংযোগ) ও যুগ্মসচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া, পরিকল্পনা-২ শাখার সিনিয়র সহকারী সচিব বিবি করিমুন্নেছা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. মোছাঃ নাহিদ সুলতানা এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মো. মাজহারুল ইসলাম। এ ছাড়া সভায় ব্যবসায়ী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
