মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। মরদেহটি সাভার এলাকার কোনো ব্যক্তির হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১২টারদিকে উপজেলার জামির্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গী এলাকায় আকিজ মাদ্রাসাসংলগ্ন ধলেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে আলেকজান নামের এক নারী ব নদীর ঘাটে হাঁস ছাড়তে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সিংগাইর থানা-পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ধারণা করা হচ্ছে, তিন থেকে পাঁচ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহের পরনে শুধু একটি কালো প্যান্ট ছিল। শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
মরদেহের সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম জানান, মরদেহের অবস্থা দেখে কয়েক দিন আগে মৃত্যুর ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনই বলা যাচ্ছে না।
জামির্তা ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্বাস উদ্দিন বলেন, সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি ফোন করে ধলেশ্বরী নদীতে একটি মরদেহ ভাসতে দেখার বিষয়টি তাঁকে জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে অবহিত করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। প্রয়োজনে দাঁতের নমুনা ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও জানান ওসি।
