মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও সড়কে টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনায় রাতভর সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর থেকেই জেলাজুড়ে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে দুর্বৃত্তরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক, মানিকগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, পুলিশ সুপারের বাসভবন প্রাঙ্গণ, বিভিন্ন রাজনৈতিক কার্যালয়, ঘিওর বাসস্ট্যান্ড এবং পাটুরিয়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটানো হয়। একই সময়ে সাটুরিয়া, শিবালয় ও সিংগাইর উপজেলার বিভিন্ন প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়।
এরই মধ্যে রাত সাড়ে আটটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পুলিশ বক্সের অদূরে পার্কিং করে রাখা ‘স্বাধীনতা এক্সপ্রেস’-এর একটি মিনিবাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আকস্মিক এসব নাশকতামূলক কর্মকাণ্ডে পুরো জেলা শহরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে কঠোর অভিযানে নামে পুলিশ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ৬ জন, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২ জন, সিংগাইর থানা পুলিশ ১ জন এবং দৌলতপুর থানা পুলিশ ১ জনকে আটক করে। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, জনমনে ভয়ভীতি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যেই পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাশকতাকারীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
