জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটক (ডেইরি গেট) তালাবদ্ধ করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে তিনটি মোটরসাইকেলে আসা ৮ থেকে ১০ জনের একটি দল ফটকে তালা ঝুলিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হালিম বলেন, গভীর রাতে তিনটি মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জন এসে হঠাৎ ফটকে তালা লাগিয়ে দেয়। এ সময় তারা নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি দেয়।
তিনি বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। ওই সময় পুলিশ টহলে ছিল। পুলিশ ডেইরি গেট থেকে প্রধান ফটক হয়ে প্রান্তিক গেটের দিকে যাওয়ার পথে মাত্র এক মিনিটের মধ্যে তারা এ ঘটনা ঘটিয়ে দ্রুত চলে যায়।
প্রক্টর আরও বলেন, ঘটনার পরপরই সাভার থানা, সাভার সার্কেল, আশুলিয়া থানা পুলিশ, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। পাশাপাশি পুলিশকে টহল জোরদার এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে।
