মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে ময়না বেগম (৫০) এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে বলড়া ইউনিয়নের কোকরহাটি গ্রামে ওই নারীকে মারধরের ঘটনা ঘটে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান হরিরামপুর থানা ওসি জেওএম তৌফিক আজম।
নিহত ময়না বেগম ওই কোকরহাটি গ্রামের বাসিন্দা। গ্রেপ্তাররা হলেন- ময়না বেগমের প্রতিবেশী চঞ্চল মণ্ডল (৩৮), তার স্ত্রী জাহেরা (৩২) ও মা হালিমা বেগম (৬৫)। সোমবার সকালে গ্রেপ্তার তিনজনকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন হরিরামপুর থানার ওসি জেওএম তৌফিক আজম।
লিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে ময়না বেগমের সঙ্গে প্রতিবেশী চঞ্চল মণ্ডল ও তার পরিবারের সদস্যদের বিরোধ চলছিল। রোববার বিকালে ময়নার ঘরের পেছনে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে বাঁশ দিয়ে তার বুকে আঘাত করা হয়। পরে স্বজনেরা তাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল কালাম বাদী হয়ে হরিরামপুর থানায় হত্যা মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার তিনজনসহ অজ্ঞাত পরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
হরিরামপুর থানার ওসি জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
