জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ছাত্রলীগের পোস্টার লাগানোর অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন জাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (৮ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর এলাকার একটি চায়ের দোকান থেকে সাইফুল ইসলামকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
আটক সাইফুল ইসলাম (২৬) পাবিপ্রবির ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার মা নাসিমা বেগম জাবির পরিবহন চত্বরে একটি চায়ের দোকান পরিচালনা করেন।
ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, সাইফুল ক্যাম্পাসে ছাত্রলীগের পোস্টার লাগাতেন। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে রিকশা ও অটোরিকশাচালকদের মধ্যে খাবার বিতরণ করতেন। তার মুঠোফোনে ছাত্রলীগ নেতাদের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচারের তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক আবদুস সাত্তার জয় বলেন, অভিযুক্তের মুঠোফোনে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। পুলিশ ফোনটি জব্দ করে তাকে থানায় নিয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী জানান, সাইফুলকে আটকের পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে আশুলিয়া থানা-পুলিশ তাকে ও তার মুঠোফোন নিয়ে যায়। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ফোন পেয়ে পুলিশ পাঠানো হয়। সাইফুলকে থানায় আনা হয়েছে।
