সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি পূর্বপাড়া (নদীর পাড়) গ্রামে চলাচলের রাস্তা নিয়ে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। ওই গ্রামের ৪৫ টি পরিবার প্রতিপক্ষ দুটি পরিবারের পক্ষ থেকে দায়ের করা চাঁদাবাজির মামলাসহ একাধিক মামলায় হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, এসব মামলাগুলোতে নারী জনপ্রতিনিধি, দুইজন আইনজীবী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আসামি হয়েছে । একাধিক মামলা-হামলা নিয়ে এলাকায় দু'পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।
রোববার ( ৮ নভেম্বর) সরেজমিনে কথা হয় ভুক্তভোগী একাধিক পরিবারের সদস্যদের সাথে।
তারা জানান, দীর্ঘদিন ধরে আমরা এ রাস্তা দিয়ে চলাচল করি। প্রতিপক্ষ মৃত কাইয়ুমের স্ত্রী রোকিয়া বেগম ও মৃত শেখ আব্দুল জলিলের পুত্র মো.আমিনুর রাস্তাটির প্রবেশ পথ তাদের জায়গায় হওয়ায় মুখ আটকে দেয়।
এ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তার মুখ খুলে দেয়ার জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করা হয়। এ সময় স্থানীয় এক বিএনপি নেতার হস্তক্ষেপে রাস্তার প্রবেশ পথ খুলে দিলে আমরা নিজেদের অর্থায়নে ১৩০ ফুট রাস্তাটি ইটের সলিং করে নিই।
বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী ও অবগত হন। সে অনুযায়ী সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম, এসআই শামীম আল মামুন ও শান্তিপুর (বাঘুলি) পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. ফজলুল হককে দায়িত্ব দিলে তাঁরা কয়েক দফায় মীমাংসা চেষ্টা করে ব্যর্থ হন। এতে, দ্বন্দ্ব আরো চরম আকার ধারণ করে।
স্থানীয় আজাহার খান (৭৫),ফজলুল হক (৬২), ছমির মৃধা (৬৫), রফিকুল ইসলাম (৬০), সাহানা বেগম (৩৫) ও জমিলা খাতুনসহ (৬৫) অনেকেই অভিযোগ করে বলেন, রাস্তার এ বিরোধকে কেন্দ্র করে রোকিয়া বেগম বাদী হয়ে সিংগাইর থানায় এলাকাবাসীর বিরুদ্ধে পৃথক দুটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। এর একটি সিংগাইর থানায় এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয়। ওই মামলায় কোনোরকম তদন্ত ছাড়াই অ্যাডভোকেট ফয়সাল ও মো.শহিদকে গ্রেপ্তার করে থানা-পুলিশ।
অনুরূপভাবে, রোকিয়া আদালতে আরো একটি মামলা দায়ের করেন। মামলাটি আদালতের নির্দেশে পিআইবি তদন্ত করছে বলে জানা গেছে।
অন্যদিকে, উক্ত বিরোধের জেরে মো. আমিনুর বাদী হয়ে গ্রামবাসীর বিরুদ্ধে সিংগাইর থানায় আরো একটি মামলা দায়ের করেন। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এলাকাবাসীর বিরুদ্ধে ১০৭ ধারায় পৃথক দুটি মামলা দায়ের করে তাদেরকে হয়রানি করা হচ্ছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
সূত্রমতে, এসব মামলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য আসামী ওই ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য রোজিনা বেগম, দুইজন আইনজীবী মো. ফয়সাল ও মাসুদ রানা,শিক্ষার্থী মো.রায়হানসহ বয়োবৃদ্ধদেরও আসামি করা হয়েছে ।
৪৫ পরিবারের পক্ষে নারী সদস্য রোজিনা বেগম জানান, দীর্ঘদিন ধরে আমরা রাস্তাটি দিয়ে চলাচল করি। হঠাৎ করে তারা রাস্তাটি বন্ধ করে দেয়ায় দ্বন্দ্বের সৃষ্টি হয়। আর এ দ্বন্দ্বের জের ধরেই রোকিয়া ও আমিনুরের কাছ থেকে পুলিশ মোটা অংকের টাকা নিয়ে একের পর এক মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে আমাদের হয়রানি করছেন।
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মো. শহিদ অভিযোগ করে বলেন, আমি একটা মার্কেটিং কোম্পানিতে চাকরি করি। চলাচলের রাস্তা নিয়ে দ্বন্দ্বের ঘটনায় আমি কিছুই জানি না। তারপরও আমাকে চাঁদাবাজি মামলায় ফাঁসানো হয়েছে। বিনা দোষে গ্রেপ্তার হয়ে ৬ দিন জেলে ছিলাম। এখন আমার চাকরি নিয়ে টানাটানি ও হয়রানির শিকার হচ্ছি।
গ্রামবাসীর বিরুদ্ধে দায়ের করা দুটি চাঁদাবাজি মামলার বাদী রোকিয়া বেগম বলেন, রাতের অন্ধকারে বিভিন্ন প্রজাতির গাছ কেটে আমার বাড়ির উপর দিয়ে জোর করে তারা রাস্তা বানিয়েছে।
তিনি আরো বলেন, আমার বসতবাড়ির পূর্ব পাশের রাস্তা সংস্কার করতে তারা ১০ লাখ টাকা চেয়েছিল। ওই টাকা না দেয়ায় ক্ষুব্ধ হয়ে তারা আমার ক্রয়কৃত সম্পত্তির উপর দিয়ে রাস্তা নেয়।
অপরদিকে, আরেক মামলার বাদী মো. আমিনুর বলেন, ইউনিয়ন পরিষদ থেকে রোকিয়ার বাড়ির পূর্ব পাশ দিয়ে একটা রাস্তা করে দেয়া হয়েছে। তারা ওই রাস্তা ব্যবহার না করে সামনে থেকে আমার বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ২০-২৫ ফুট জায়গা দখল করে জোরপূর্বক রাস্তা বানিয়েছে। সত্য ঘটনায় আমি মামলা দায়ের করেছি। রোকিয়া বেগমের কাছে চাঁদা দাবি ও মামলা সম্পর্কে প্রশ্ন করা হলে বিষয়টি তিনি অবগত নন বলেও জানান।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, যথাযথ নিয়ম অনুসরণ করে মামলা রেকর্ড করা হয়েছে।
