ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে টানা তৃতীয় রাতেও থেমে থাকা বাসে ফের আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কে বা কারা শনিবার রাত ৩-৪টার মধ্যে ধামরাইয়ের ঢুলিভিটা-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের শরীফবাগ আফাজ উদ্দিন কলেজের সামনে বাসটিতে আগুন দিয়েছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসটি ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় অবস্থিত স্নোটেক্স আওটার ওয়্যার নামের একটি পোশাক কারখানায় শ্রমিক বহনের কাজে ব্যবহার করা হয়। এর আগে শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় থেমে থাকা একটি বাসে ও বৃহস্পতিবার রাতে ধামরাই থানা বাসস্ট্যান্ড এলাকায় মেরামতাধীন আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বাসটির মালিক ধামরাই ইউনিয়নের শরীফবাগ গ্রামের লুৎফর রহমান বলেন, প্রতিদিন এখানে বাসটি রাখা হয়। শনিবার ভোররাতে দুর্বৃত্তরা আমার বাসে আগুন ধরিয়ে দিয়েছে। আমি কোন রাজনীতি করি না। এরপরও কেন আমার গাড়ি পুড়িয়ে দিলো। আমি এর বিচার চাই।
ধামরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, শনিবার রাত-৩-৪টার মধ্যে ডি-লিঙ্ক পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-জ-১৪-২৪৭৮) অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান জানান, এটি নাশকতামূলক অগ্নিসংযোগ।
তিনটি বাসের মালিকদের সাথে কথা বলে জানা গেছে, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে অর্থনৈতিকভাবে তাদের ক্ষতিগ্রস্ত করেছে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান বলেন, পরপর তিন রাতে তিনটি বাসে অগ্নিকান্ডের ঘটনায় এখনো মামলা হয়নি তবে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।
