মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু
daily-fulki

মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু


স্টাফ রিপোর্টার : সরকার পদ্মা নদীর ওপর দ্বিতীয় আরেকটি সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ‘পদ্মা ওয়াই-টাইপ দ্বিতীয় সেতু’ নামের ওই সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হলে তা পাবনা ছাড়াও দেশের উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সংযোগ তৈরিতে ভূমিকা রাখবে।


মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
ওয়াই-টাইপ (Y-Type) সেতু হলো ইংরেজি ‘Y’ অক্ষরের আকৃতিতে তৈরি বা প্রস্তাবিত একটি বিশেষ বহুমুখী যোগাযোগ অবকাঠামো, যা একসঙ্গে তিনটি ভিন্ন দিক বা অঞ্চলকে সরাসরি সংযুক্ত করে।

 


দ্বিতীয় পদ্মা সেতুটি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট ও রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট পয়েন্টে নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই সেতুটি ওয়াই-আকৃতি (Y-shaped) বা ত্রিমুখী জংশন করার একটি প্রস্তাবনা ও স্থানীয় দাবি রয়েছে, যা পাবনা ও উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ রক্ষা করবে। পদ্মা ব্যারাজ প্রকল্পের সঙ্গে সমন্বয় করে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।


সেতুমন্ত্রী বলেন, নীতিগত সিদ্ধান্ত হয়েছে, তিনটি প্রকল্পই বাস্তবায়ন হবে। পদ্মা ব্যারাজ, পদ্মা ওয়াই-টাইপ সেতু এবং যমুনা দ্বিতীয় সেতু। ফিজিবিলিটি স্টাডি আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই সরকার প্রকল্প তিনটি বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত এবং প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে।


তিনি বলেন, পদ্মা ব্যারাজ ও ওয়াই-টাইপ সেতুর মধ্যে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে কি না, কিংবা একটি অন্যটির সম্পূরক বা পরিপূরক হওয়ার ক্ষেত্রে কোনো বিচ্যুতি ঘটবে কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, পদ্মা ব্যারাজের পরিকল্পনা অনুযায়ী কাজ অব্যাহত থাকবে। একই সঙ্গে পদ্মা ওয়াই-টাইপ সেতুও বাস্তবায়ন করা হবে।
বর্তমানে পদ্মা নদীর ওপর পদ্মা বহুমুখী সেতু রয়েছে। এটি পদ্মা নদীর ওপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। যার মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। এছাড়াও পদ্মা সেতুটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাকে যুক্ত করেছে। আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে নির্মিত এই সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়।

 

সর্বাধিক পঠিত