স্টাফ রিপোর্টার : ২০২৭ খ্রিষ্টাব্দের সরকারি ছুটির তালিকার খসড়া অনুমোদন হয়েছে। এতে ১৫ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটি রাখা হয়েছে। অন্যান্য ছুটিও রয়েছে।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ২০২৭ খ্রিষ্টাব্দে ছুটির তালিকার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় পর্ব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি থাকবে। এর মধ্যে চার দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।
অন্যদিকে, বাংলা নববর্ষ ও বিভিন্ন ধর্মীয় পর্ব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে তিন দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।
এ ছাড়া ধর্মীয় পর্ব উপলক্ষে তিন দিন ঐচ্ছিক ছুটি থাকবে। বৈসাবি বা অনুরূপ সামাজিক অনুষ্ঠান উপলক্ষেও দুই দিন ঐচ্ছিক ছুটির প্রস্তাব রয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০২৭ খ্রিষ্টাব্দে ১৫ দিন সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটি মিলিয়ে মোট ছুটি ২৯ দিন। এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর সরকারি ছুটি থাকবে ২২ দিন।
