রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে পহেলা জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ ম্যানেজমেন্ট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
daily-fulki

সাভারে পহেলা জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ ম্যানেজমেন্ট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী


স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দীর্ঘদিন অবহেলিত ও পড়ে থাকা সাভারে বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ ম্যানেজমেন্ট আগামী পহেলা জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব সংস্কার কাজ শেষ করে এটি পুরোপুরি প্রস্তুত করা হবে এবং পহেলা জানুয়ারি থেকে এখানে চিকিৎসকদের প্রশাসনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। 


শনিবার (৩১ অক্টোবর ) দুপুরে সাভারে বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ ম্যানেজমেন্ট অবকাঠামো পরিদর্শন শেষে এ কথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এর আগে সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, স্বাস্থ্য সচিব, ড্যাব মহাসচিব ও গণপূর্তের প্রকৌশলীসহ সরকারি কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে বসেন প্রতিমন্ত্রী। 


বৈঠকে সিদ্ধান্ত হয়,আগামী দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও গণপূর্তের যৌথ টিম সরেজমিন পরিদর্শন করে নষ্ট বা চুরি যাওয়া সরঞ্জামের ইনভেন্টরি তৈরি করবে এবং গণপূর্ত বিভাগ আগামী এক-দুই দিনের মধ্যেই কর্মকর্তাদের বসার জায়গা ও সাব-স্টেশন চালুকরণের ব্যবস্থা নেবে। পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড . এম এ মুহিত পহেলা জানুয়ারি এই প্রতিষ্ঠানের উদ্বোধনের ঘোষণা দিয়ে বলেন, বিগত সরকারের আমলের অব্যবস্থাপনা ও অবহেলায় পড়ে থাকা এই প্রতিষ্ঠানকে দেশের চিকিৎসকদের দক্ষ প্রশাসক হিসেবে গড়ে তোলার একটি জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে রূপ দেওয়া হবে। 


স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড মুহিত আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণের অর্থ অপচয় করে ও দুর্নীতির হাতিয়ার তৈরি করে পুরো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে। জনগণের ভোটে দায়িত্ব নেওয়ার পর বর্তমান সরকার এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছে। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান গত বছরের ২৫ ডিসেম্বর কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরে ¯পষ্ট ঘোষণা দিয়েছিলেন ’উই হ্যাভ এ প্ল্যান’। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন এবং স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে সাজিয়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে।


প্রতিমন্ত্রী আরও যোগ করেন, বর্তমান সরকার আর জনসভার রাজনীতি করবে না বরং জনসেবার রাজনীতি করবে এবং জনগণের সাথে স¤পৃক্ত হয়ে সমস্ত দুর্নীতি ও অনাচার প্রতিহত করে এই দেশকে গড়ে তুলবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব জহিরুল ইসলাম শাকিল, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসনিম, অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান ও সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
 

 

সর্বাধিক পঠিত