বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
পল্টনে ২৮ অক্টোবরের ঘটনার বিচার নিশ্চিত করতে হবে : সাভারে মসিউল আলম
daily-fulki

পল্টনে ২৮ অক্টোবরের ঘটনার বিচার নিশ্চিত করতে হবে : সাভারে মসিউল আলম


স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. মসিউল আলম বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের আধুনিক ইতিহাসের একটি পৈশাচিক দিন। ওই দিনের সহিংসতায় নিহতদের পরিচয় ও অবস্থান নিশ্চিত করতে দীর্ঘ সময় লেগেছিল। সেদিনের ঘটনা প্রবাহ ছিল অত্যন্ত বিভীষিকাময়। ২৮ অক্টোবরের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সাভার পৌর এলাকার থানা রোডের মামুন কমিউনিটি সেন্টারে ২৮ অক্টোবর পল্টন ট্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অ্যাডভোকেট মসিউল আলম বলেন, জামায়াতে ইসলামী মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে তাদের ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ করতে চায়। দলটি নৈতিকতা, ইনসাফ ও সত্যের ভিত্তিতে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু ইতিহাসে দেখা গেছে, সমাজ সংস্কার ও মানুষকে সঠিক পথে আহ্বান জানানো ব্যক্তিদের বিভিন্ন সময়ে হত্যা, কারাবরণ, নির্বাসন ও নির্যাতনের শিকার হতে হয়েছে। 


তিনি অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রথমে অপপ্রচার ও মিথ্যাচারের আশ্রয় নেওয়া হয়। তাতে উদ্দেশ্য সফল না হলে শক্তি প্রয়োগ করা হয়। ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সেদিন মাঠে জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত থাকা সত্ত্বেও পুলিশ কেন সেখানে অবস্থান করেনি। তাঁর দাবি, ওই দিনের সহিংসতার পেছনে তৎকালীন ক্ষমতাসীন মহলের একটি অংশের যোগসাজশ ছিল। 


তিনি ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। ধর্মীয় বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, কোনো মুসলমানকে অন্যায়ভাবে গালিগালাজ করা কিংবা কাউকে কাফের আখ্যা দেওয়া গুরুতর বিষয়। মুসলমানদের মধ্যে সংঘাত সৃষ্টি না করে পার¯পরিক সম্মান ও সহনশীলতা বজায় রাখা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে মসিউল আলম বলেন, জনগণের মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করা জরুরি। বিদ্যুৎ সংকট, কর্মসংস্থান, কলকারখানা বন্ধ কিংবা সরকারি অনিয়মের বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকতে হবে। জনগণের কণ্ঠরোধ করে কোনোভাবেই তাদের থামিয়ে রাখা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আল্লাহর ওপর ভরসা রেখে দৃঢ় মনোবল নিয়ে সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে হবে। কোনো ধরনের আক্রমণের মুখে ভীত হয়ে পিছু হটার মানসিকতা পরিহার করতে হবে এবং আদর্শের প্রতি অবিচল থাকতে হবে। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসেন। 


সভাপতির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর নিহতদের হত্যাকান্ডের বিচার নিশ্চিত করতে হবে। তিনি শহীদ জসীমউদ্দীনের লাশের ওপর নৃত্য করার ঘটনায় অভিযুক্ত বাপ্পাদিত্য বসুকে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে ওই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ঢাকা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসাইন, রাজনৈতিক সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম এবং সাংস্কৃতিক সম্পাদকলুৎফর রহমান মোল্লাহ।


সভায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, তালিমুল বিভাগের সেক্রেটারি হাফেজ ওমর ফারুক, সাভার থানা আমির মুহাম্মদ আব্দুল কাদের, সাভার পৌর আমির আজিজুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মো. মনসুর আলী, সেক্রেটারি আব্দুস সালাম এবং পেশাজীবী থানার সেক্রেটারি আলী মাহমুদ সবুজসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। সভায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাপ্রবাহ তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে ওই ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 

সর্বাধিক পঠিত