সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ
daily-fulki

গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ


স্টাফ রিপোর্টার : রাজধানীর মগবাজার এলাকায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় তিনি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শনিবার (২৪ অক্টোবর) রাতে হাতিরঝিল থানায় কণ্ঠশিল্পী এ মামলাটি করেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান। তিনি জানান, এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা উল্লেখ করে এজাহার দায়ের করেন তিনি।  

ওসি আরও জানান, আমরা এখনও মামলার তদন্ত চালিয়ে যাচ্ছি। কারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদের শনাক্তও সম্ভব হয়নি। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনিও বিষয়টি দেখছে।

 

শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনা ঘটে। এ সময় কণ্ঠশিল্পী আসিফ আকবর গাড়িতে ছিলেন না। তিনি তখন বিশাল সেন্টারে অবস্থিত তার ব্যক্তিগত কার্যালয়ে (স্টুডিওতে) ছিলেন। গুলির সময় তার গাড়িতে কেউই ছিলেন না। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাড়িটির পেছনের জানালা ক্ষতিগ্রস্ত হয়।

 

‎পুলিশের তথ্য অনুযায়ী, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে অজ্ঞাতনামা এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর ওই ব্যক্তি আবার অটোরিকশায় করে মালিবাগের দিকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং এ ঘটনার পেছনের উদ্দেশ্য ও জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে।

 

সর্বাধিক পঠিত