রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধামরাইয়ে গ্যারেজে ডাকাতি মামলার ৪ আসামী নারায়ণগঞ্জে গ্রেফতার
daily-fulki

ধামরাইয়ে গ্যারেজে ডাকাতি মামলার ৪ আসামী নারায়ণগঞ্জে গ্রেফতার


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় প্রায় দেড় মাস পর সংঘবদ্ধ ডাকাতচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। এ সময় লুণ্ঠিত তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২৪ অক্টোবর) সকালে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। 


গ্রেফতাররা হলেন নারায়ণগঞ্জের সোহেল (৩০), কুমিল্লার ইমাম হোসেন শাওন (৩২), চাঁদপুরের মো. সবুজ (২৯) এবং কুমিল্লার হাবিবুর রহমান ওরফে রনক ওরফে রনি (২৬)। পুলিশের দাবি, সোহেল চক্রটির মূল হোতা। পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর ভোররাতে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের ছোট কালামপুর এলাকায় বিল্লাল হোসেনের মালিকানাধীন অটোরিকশার গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটে। কালো মুখোশ পরা ৮ থেকে ৯ জনের একটি দল গ্যারেজে ঢুকে পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।


পরে ডাকাতরা চারটি ইজিবাইক, বিভিন্ন ইজিবাইক থেকে খুলে নেওয়া ২৭টি ব্যাটারি, সিসি ক্যামেরার ডিভিআর এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের মোট মূল্য প্রায় ১০ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর ধামরাই থানায় ডাকাতির মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তভার পান ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) এস এম কাওছার সুলতান।


পুলিশ জানায়, ডাকাতরা সিসি ক্যামেরার ডিভিআর নিয়ে যাওয়ায় ঘটনাটি শুরুতে কোনো সরাসরি সূত্রবিহীন ছিল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারজনকে গ্রেফতার এবং লুণ্ঠিত তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা ও ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, গ্রেফতার চারজনকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 

সর্বাধিক পঠিত