রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
জাবিতে বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, যুবক আটক
daily-fulki

জাবিতে বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, যুবক আটক


জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রীতিলতা হলের দেয়ালসংলগ্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরির চেষ্টার অভিযোগে সুজন চৌকিদার (২২) নামে একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা।  


শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহীদ মিনার-সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্লাস ও কাটা তার জব্দ করা হয়। পরে তাকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।


আটক সুজন চৌকিদারের গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার চর বাহাদুরপুর এলাকায়। তিনি কর্মসূত্রে সাভারের পল্লীবিদ্যুৎ এলাকায় বসবাস করেন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা সূত্র জানায়, আটক ব্যক্তি জঙ্গলের ভেতরে গিয়ে বৈদ্যুতিক তার ধরে টান দেন এবং কাটার চেষ্টা করেন। এ সময় বৈদ্যুতিক সংযোগ বন্ধ হয়ে গেলে বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা শাখার সদস্যরা সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তের ছবি সংগ্রহ করে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শহীদ মিনারের পূর্ব পাশের রসায়ন বিভাগের সংলগ্ন জঙ্গল থেকে তাকে আটক করা হয়।


বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরী জানান, ফজিলাতুন্নেছা হলের সামনে ও প্রীতিলতা হলের দেয়ালসংলগ্ন জঙ্গলে তার কাটার ঘটনা ঘটে। এ সময় ওই এলাকার এসি বন্ধ হয়ে গেলে বিষয়টি নজরে আসে। পরে সন্দেহভাজন ব্যক্তির ছবি সংগ্রহ করে নিরাপত্তাকর্মীদের নিয়ে খুঁজতে বের হন তারা।


তিনি আরও বলেন, শহীদ মিনারের পূর্ব পাশে রসায়ন বিভাগের জঙ্গলে ওই ব্যক্তিকে পাওয়া যায়। নিরাপত্তাকর্মীদের সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় তার পকেটে প্লাস ও তার পাওয়া যায়। পরে তিনি তার কাটার কথা স্বীকার করেন। আটক ব্যক্তিকে পুলিশের দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, তার চুরির চেষ্টার ঘটনায় এখনো মামলা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

 

সর্বাধিক পঠিত