কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: মাত্র দেড় মিনিটের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ২৫ বার ‘স্যার’ সম্বোধন করে আলোচনায় এসেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা তাসনিম।
বুধবার (২১ অক্টোবর) রাজারহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। কুড়িগ্রাম জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বক্তব্যে রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি জানান ইউএনও তানজিলা তাসনিম। তিনি বলেন, ভূমিসংক্রান্ত কাজে দক্ষ জনবলের সংকট রয়েছে। সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠা করা হলে রাজারহাটসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মানুষ উপকৃত হবেন। এ বিষয়ে যথাসময়ে মন্ত্রিসভায় প্রস্তাব উত্থাপনের জন্য মন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।
এ ছাড়া ভিজিএফের চাল বিতরণে নতুন উদ্যোগের প্রশংসা করেন ইউএনও।
সরকারি চাকরিজীবীদের জন্য পে-স্কেল উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতাদের সহযোগিতার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুর রহমান এবং সদস্যসচিব সাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তবে বক্তব্যে উন্নয়ন প্রস্তাব ও সরকারি উদ্যোগের প্রশংসার পাশাপাশি বারবার ‘স্যার’ সম্বোধনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
