কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের হিমছড়ি এলাকার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন আরো দুজন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পর্যটকদের একটি দল হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে গোসলে নামেন। এ সময় ঢেউ ও স্রোতে তারা ভেসে যান।
পরে স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ইউএনও আরো বলেন, ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
