ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে তিন পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটকের পর তার পরিবারের কাছে ঘুষ দাবির অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে। এ ঘটনায় আল মামুন নামে ধামরাই থানার ওই পুলিশ কর্মকর্তাকে রাজারবাগ পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান এ তথ্য নিশ্চিত করেন।
সম্প্রতি ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের দ্বিতীয় মহিষাসী এলাকায় মো. হান্নান মৃধা নামের এক ব্যক্তিকে তিন পিস ইয়াবাসহ আটক করেন এএসআই আল মামুন।
হান্নান মৃধার পরিবারের অভিযোগ, আটকের পর তাকে ২০০ পিস ইয়াবাসহ আটক দেখিয়ে মামলায় ফাঁসানোর হুমকি দেন ওই পুলিশ কর্মকর্তা। তাকে ছেড়ে দেওয়ার জন্য তার স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। একপর্যায়ে এএসআইকে ১৫ হাজার টাকা দেওয়া হলেও তিনি আরও ১৫ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ পরিবারের।
এ ঘটনায় সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর সোমবার এএসআই আল মামুনকে পুলিশ লাইন্সে পাঠানো হয়।
ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান জানান, এ বিষয়ে তিনি কোনো লিখিত আদেশ পাননি। মৌখিক নির্দেশনার ভিত্তিতে ওই পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, তাকে ক্লোজড করা হয়েছে, নাকি সাময়িক বরখাস্ত করা হয়েছে, তা লিখিত আদেশ পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। অভিযোগের বিষয়ে তাকে বিস্তারিত জানানো হয়নি বলেও জানান ওসি।
