সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় বাবলি আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তাঁকে ৫ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রেজাউল করিম। তিনি আরও জানান, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার বাদী রিনা আক্তারের অভিযোগ, তাঁর সৌদিপ্রবাসী স্বামী মোশারফ হোসেনের নামে বায়রা বাজারের ওই এজেন্ট ব্যাংকিং শাখায় একটি হিসাব রয়েছে। গত ২৭ মার্চ বেশি মুনাফার প্রলোভনে স্বামী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে তিনি সেখানে ৫০ লাখ টাকা জমা দেন। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে পাঁচ থেকে ১৫ শতাংশ মুনাফার আশ্বাস দেন এবং টাকার বিপরীতে চারটি চেক দেন।
বাদীর দাবি, গত ১৩ অক্টোবর তিনি জানতে পারেন, ওই শাখার সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। পরদিন টাকা তুলতে গিয়ে তিনি জানতে পারেন, অভিযুক্তরা শাখায় আসছেন না। পরে তাঁদের বাড়িতে গিয়ে টাকা ফেরতের আশ্বাস পেলেও ১৫ অক্টোবর কাউকে পাওয়া যায়নি। পাবেন মোবাইল ফোনে বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় শাহিনুর ইসলাম, মতিউর রহমান, মোয়াজ্জেম হোসেন, মেহেরা আক্তার, বাবলি আক্তার ও নওশাদসহ ছয়জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন রিনা আক্তার। মামলার পাঁচ নম্বর আসামি বাবলি আক্তারকে গ্রেপ্তার করা হলেও অন্য আসামিরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মোঃ মাজহারুল ইসলাম বলেন, মামলার এজহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
