সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ঘিওরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ১
daily-fulki

ঘিওরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ১


ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রোববার রাত ৯টারদিকে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দোতরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত রাজা মিয়া (৬০) ঘিওর উপজেলার কুস্তা গ্রামের মনির উদ্দিনের ছেলে। আহত নুরজাহান বেগম (৪৫) একই উপজেলার নারচি গ্রামের মজিদ মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, দৌলতপুর থেকে বরংগাইলগামী একটি ট্রাক একই দিকে চলাচলরত ইজিবাইকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের দুই যাত্রী গুরুতর আহত হন।


স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক রাজা মিয়াকে মৃত ঘোষণা করেন। নুরজাহান বেগমকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।


দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে চালক পালিয়ে যান। খবর পেয়ে ঘিওর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও ইজিবাইকটি হেফাজতে নেয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

সর্বাধিক পঠিত