শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত সাভারের নাসরিনের স্বপ্ন অধরাই থেকে গেল
daily-fulki

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত সাভারের নাসরিনের স্বপ্ন অধরাই থেকে গেল


স্টাফ রিপোর্টার :  কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে’  ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন আক্তার মুক্তা (২৯)। স্কুলের ছাত্র-ছাত্রীদের এ প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাসরিনের ইচ্ছে ছিল সে আদর্শ শিক্ষক হবেন। 


ছাত্র-ছাত্রীদের লেখা পড়া শিখিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন। হবেন ছাত্রছাত্রীদের  প্রিয় শিক্ষকদের অন্যতম। তাই লেখা পড়া শেষ করে নাসরিন আক্তার মুক্তা সাভার উপজেলার আশুলিয়া থানা এলাকার নিরিবিলিতে ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নবিলাস ইউনাইটেড স্কুলে শিক্ষাকতা পেশায় যোগদান করেন। স্বল্প সময়ে ব্যবধানে ছাত্র ছাত্রীদের কাছে হয়ে উঠেছিলেন প্রিয় শিক্ষিকা। 


নাসরিন সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করে সাভার মডেল কলেজ থেকে সাফল্যের সঙ্গে এইচএসসি সমাপ্ত করেন। পরে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধীন জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) থেকে অনার্স এং গণ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। দীর্ঘদিনের জানা চেনা ভালোবাসার মানুষ ফয়সাল দেওয়ানের  সাথে ৬ বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।  তার শখ ছিল ঘুরে বেড়ানো। অনেক দিনের ইচ্ছে ছিল বান্ধবীরা মিলে ঘুরতে যাবে।  কিন্তু সময় ও সুযোগ হচ্ছিল না তার। এবারের পূজার দীর্ঘ ছুটিতে সেই ইচ্ছে পূরণের জন্য বেরিয়েছিলেন ৩ বান্ধবী। 


শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টারদিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার ওই রিসোর্টে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বেঁচে যাওয়া দুই বান্ধবী আইরিন জাহান মীম ও ইমা ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্য বিমুঢ় হয়ে পড়েন। তারা দুইজন রিসোর্টের রুম থেকে বেরিয়ে সামান্য কয়েক গজ দূরে হাটাহাটি করছিলেন। এমন সময় বিকট শব্দে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ দৃশ্য দেখে অনেক জোর গলায় কয়েক বার ডেকেছিলেন প্রিয় বান্ধবী নাসরিনকে। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখা পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। চোখের সামনে এ দৃশ্য দেখলেও গড়াগড়ি করে কান্না করা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না।


অগ্নিকাণ্ডে মৃত নাসরিনের বাবার নাম মোস্তফা কামাল। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। তার মায়ের নাম নাছিমা আক্তার খুশী। এক ভাই এক বোনের মধ্যে নাসরিন বড়। নাসরিন বিবাহিত ছিলেন। তার স্বামী ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি আশুলিয়ার দেওয়ান ফয়সাল।


শনিবার বিকেলে ঘটনাস্থল থেকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার মোবাইল ফোনে জানান, লাশের পরিচয় নিশ্চিতে কিছুটা সময় লাগতে পারে।

 

সর্বাধিক পঠিত