স্টাফ রিপোর্টার : সিনেমাটিক কায়দায় সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নে পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে ডাকাত সর্দারসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। ডাকাত ধরতে পুলিশের একাধিক দল সাড়ে সাত ঘণ্টা ধরে অভিযান চালায়। অবশেষে যৌথ প্রচেষ্টায় পরিচালিত এ অভিযানে সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টারদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে কুখ্যাত অস্ত্রধারী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শাওনসহ ছয়জন।
ইয়ারপুর ইউনিয়নের জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, কাশিমপুর থানার একটি মামলার তদন্ত করতে গিয়েই কুখ্যাত ডাকাত চক্রটির মূল রহস্য এবং অস্ত্রধারী শাওনের পরিচয় বেরিয়ে আসে। এরপর ওই তথ্যের ভিত্তিতে তাকে আটক করতে মাঠে নামে পুলিশ।
জানা যায়, অভিযানের সময় পুলিশ বাড়িটি ঘেরাও করলে ভেতরে থাকা সশস্ত্র ডাকাত দলটি প্রতিরোধ গড়ে তোলে। এ সময় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর বারবার আক্রমণ চালায়। পাশাপাশি পালানোর জন্য নানা কৌশল অবলম্বন করে। শেষপর্যন্ত সকাল ৭টার দিকে পুলিশের একাধিক দল ছয়জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় ১০ থেকে ১২টি দেশীয় অস্ত্র, রামদা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা সবাই একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা মূলত টঙ্গাবাড়ি, জিরাবো, কাশিমপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে নিয়মিত ডাকাতি ও ছিনতাই চালিয়ে আসছিল।
আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান বলেন, কাশিমপুর থানার একটি মামলার তদন্ত করতে গিয়ে এই আন্তঃজেলা ডাকাত দলের সন্ধান পাই আমরা। এরপর আমাদের একাধিক দল অত্যন্ত সতর্কতার সঙ্গে রোববার দিবাগত রাত আড়াইটারদিকে অভিযান শুরু করে। শাওন ও তার দলবল অত্যন্ত চতুর। তারা জামগড়ার মোত্তালেবের বাড়ির একটি আধাপাকা বাসায় ভাড়া থাকত এবং আশপাশের লোকজনকে সরিয়ে সেখানে নিজেদের লোকজন ঢুকিয়ে অপরাধ পরিচালনা করত।
তিনি আরও বলেন, অভিযানের সময় তারা বারবার পুলিশের ওপর হামলা চালায় এবং পালানোর জন্য ঘরের তিন-চারটি দরজা ভেঙে ফেলে। এমনকি এক নারী পোশাকশ্রমিকের গলাতেও তারা ছুরি ধরেছিল। কিন্তু আমাদের দীর্ঘ সাড়ে সাত ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে শেষ পর্যন্ত কুখ্যাত ডাকাত শাওনসহ মোট ছয়জনকে আটক করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শাওনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান এই উপপরিদর্শক।
