সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
জাতীয় কাবাডিতে হাতীবান্ধার শাহ্ গরীবুল্লাহ্ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন , ছাদখোলা গাড়িতে সংবর্ধনা
daily-fulki

জাতীয় কাবাডিতে হাতীবান্ধার শাহ্ গরীবুল্লাহ্ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন , ছাদখোলা গাড়িতে সংবর্ধনা

 

​লালমনিরহাট প্রতিনিধি : ‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর কাবাডিতে বালিকা বিভাগে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শাহ্ গরীবুল্লাহ্ মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

​সোমবার (১২ অক্টোবর) সকালে জাতীয় খেতাবজয়ী দলটিকে এলাকায় পৌঁছালে এক জমকালো ও আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের খোলা ছাদের গাড়িতে তুলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে হাতীবান্ধা উপজেলা পরিষদ প্রাঙ্গণে যায়। সেখানে খেলোয়াড়েরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরে নিজ বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসেন।

​এর আগে, গত ৬ অক্টোবর কুমিল্লার ঐতিহাসিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছিল। চূড়ান্ত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় ৯ অক্টোবর এবং ১০ অক্টোবর বিজয়ী দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

​ঐতিহাসিক এই জয়ে অনুভূতি প্রকাশ করে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় জাকিয়া সুলতানা জীম বলেন, "জাতীয় চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য এক বিশাল অর্জন। শিক্ষক, কোচ এবং আমাদের কঠোর পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।" দলের অপর সদস্য নুরে মুমতারিন বলেন, "আমাদের এই সাফল্য পুরো হাতীবান্ধার গৌরব বাড়িয়েছে। আশা করি আমাদের দেখে অন্য শিক্ষার্থীরাও খেলাধুলায় উদ্বুদ্ধ হবে।"

​দলের কোচ ফয়জুন নেছা মনা বলেন, "মেয়েদের এ সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। তবে নারী খেলোয়াড়দের জন্য উপযুক্ত খেলার মাঠ ও সুনির্দিষ্ট সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উৎসাহ পেলে এই মেয়েরা সামনে আরও বড় সাফল্য এনে দেবে।"

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবার রহমান বিজয়ী শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, "মেয়েদের এই সাফল্য বিদ্যালয়ের সুনাম দেশজুড়ে ছড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমাদের বিশ্বাস।"

​হাতীবান্ধা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জানান, হাতীবান্ধা-পাটগ্রাম আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এবং উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে জয়ী দলটিকে জাঁকজমকপূর্ণভাবে সংবর্ধিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র জানান, "খেলোয়াড়দের এই অসামান্য অর্জনে উপজেলা প্রশাসন তাদের পাশে রয়েছে। খুব শীঘ্রই তাদের জন্য একটি বিশেষ সংবর্ধনার আয়োজন করা হবে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ের যেকোনো প্রতিযোগিতায় ডাক পেলে প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।"

​অনুষ্ঠানে স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত থেকে বিজয়ী দলটিকে অভিনন্দন জানান।

 

সর্বাধিক পঠিত