গাজীপুর প্রতিনিধি ; গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সীমা রানী দাস (২৫) শ্রীপুর উপজেলার চিনাশুকানিয়া এলাকার উদ্ভবের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে উদ্ভব তার স্ত্রী সীমা রানী দাসকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।
পরে উদ্ভব নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং উদ্ভবকে গ্রেপ্তার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
