স্টাফ রিপোর্টার : দেশের প্রশাসনিক প্রধান কার্যালয় সচিবালয় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। তা সরিয়ে রাজধানীর শেরেবাংলানগরে নেওয়া হবে।
আবদুল গনি রোডে অবস্থিত বর্তমান সচিবালয় এরিয়ার ভেতরে নতুন কোনো ভবন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভায় গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, সচিবালয় স্থানান্তরের একটি প্রকল্প বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করতে গণপূর্ত মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনকে চিঠি দিয়েছে।
শিগগিরই পরিকল্পনা কমিশনে এই প্রকল্পের ওপর একটি আন্তমন্ত্রণালয় সভা হওয়ার কথা রয়েছে।
নতুন সচিবালয় নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলছে। গণপূর্ত অধিদপ্তর ইতিমধ্যে প্রস্তাবিত ভবনগুলোর অবস্থান নির্ধারণ করে একটি প্রাথমিক লে-আউট প্রস্তুত করেছে।
গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে জানান, সচিবালয় স্থানান্তরের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
প্রকল্পের নকশাও প্রধানমন্ত্রী দেখেছেন এবং এ বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। সেসব পরামর্শ বিবেচনায় নিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।
