ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে ২টি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে ভাটার মালিককে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার।
জানা যায়, উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে মা ব্রিকস ও হালাল ব্রিকস নামে দুটি ইট ভাটায় ইট তৈরী ও পুড়ানো হচ্ছে। এসব ভাটার ডিসি কিংবা পরিবেশের বৈধ কাগজপত্র না থাকায় মা ব্রিকসকে ১ লক্ষ টাকা ও হালাল ব্রিকসকে ৫০ হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। সেই সাথে মা ব্রিকস এর কাচা ইট ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয় এবং কাগজ পত্রের বৈধতা ছাড়া এসব ভাটার কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহিম শাহরিয়ার।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহিম শাহরিয়ার বলেন, ধামরাই উপজেলায় অসংখ্য অবৈধ ইট ভাটা রয়েছে যেগুলোর কোন বৈধ কাগজপত্র নেই। কাগজপত্র বিহীন ভাটা গুলো কোন ভাবেই চলতে দেওয়া হবে না। আমাদের এই অভিযান নিয়মিত চলমান থাকবে বলে জানান তিনি।
