রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
চিপস কিনে দিয়ে সড়কের পাশে দুই কন্যাশিশুকে ফেলে গেলেন মা
daily-fulki

চিপস কিনে দিয়ে সড়কের পাশে দুই কন্যাশিশুকে ফেলে গেলেন মা


কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চিপস কিনে দেওয়ার কথা বলে পাঁচ বছর ও দেড় বছর বয়সী দুই মেয়েকে সড়কের পাশে রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের মায়ের বিরুদ্ধে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে স্বজনদের সন্ধান মেলে। এরপর স্থানীয়দের সহযোগিতায় শিশু দুটিকে তাদের চাচির জিম্মায় দেওয়া হয়।


রোববার (১১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকায় রোজ গার্ডেন মডেল স্কুলের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাজার এলাকায় দুই শিশুকে একা দাঁড়িয়ে কাঁদতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে তাঁরা শিশু দুটির কাছে গিয়ে খোঁজ নেন। এ সময় পাঁচ বছর বয়সী ইসরাত জানায়, তাদের মা চিপস কিনে দেওয়ার কথা বলে চলে গেছেন। দীর্ঘ সময় পার হলেও তিনি আর ফিরে আসেননি।

শিশু দুটির পরিবারের সন্ধান পেতে স্থানীয় কয়েকজন তাঁদের ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো ছড়িয়ে পড়ার পর শিশুদের এক চাচি তাঁদের পরিচয় শনাক্ত করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের উপস্থিতিতে তিনি শিশু দুটিকে নিজের জিম্মায় নেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু দুটির বাবা নাছির কুমিল্লা শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। প্রায় চার মাস আগে নাছির ও জেসমিনের মধ্যে আইনি বিচ্ছেদ হয়। এরপর জেসমিন অন্যত্র বিয়ে করেন।


ঘটনাস্থলে শিশুদের চাচি মুঠোফোনে তাঁদের মা জেসমিনের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ অনুযায়ী, ফোনালাপে জেসমিন শিশু দুটিকে ইচ্ছাকৃতভাবে সেখানে রেখে যাওয়ার কথা জানান এবং তাদের দায়িত্ব নিতে বা ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানান। এদিকে শিশুদের বাবা নাছিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, তাঁরা ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছেন। স্থানীয় এক চিকিৎসক ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। তবে এর আগেই শিশুদের পরিবারের সদস্যরা চিকিৎসকের দোকানে পৌঁছান। পরে স্থানীয়দের উপস্থিতিতে শিশু দুটিকে তাদের চাচির কাছে হস্তান্তর করা হয়।

 

সর্বাধিক পঠিত