স্টাফ রিপোর্টার : নবাবগঞ্জ উপজেলায় পদ্মা রানী মাঝি (৪৮) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চর খুলশী চক এলাকার শান্তিনগর-গোল্লা সড়কের পাশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ওসি মো. আবু হানিফ। মৃতা চর খুলশী গ্রামের দয়াল মাঝির স্ত্রী। তিনি একজন সবজি বিক্রেতা ছিলেন।
প্রাথমিক তদন্তের বরাতে ওসি আবু হানিফ জানান, শনিবার (১০ অক্টোবর) সকালে সবজি বিক্রির উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি পদ্মা রানী।
বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি পরিবারের সদস্যরা। রবিবার সকালে স্থানীয়রা ওই ঝোপে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, নিহতের গলার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এছাড়া রাতে নিহতের শরীরে কামড়ানোর চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
