ফুলকি ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ ঘিরে পুলিশের অভিযানের মধ্যে পার্কে বসে থাকা অবস্থায় আটক হন বিজেপির সাবেক বিধায়ক বিক্রম সিংয়ের মেয়ে যশস্বিনী রাজে সিং। বাংলা সাহিব গুরুদুয়ারার কাছে একটি পার্ক থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কেশবপুরম থানায় নেওয়া হয়।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি এ কথা জানান।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই কর্মসূচি নেওয়া হয়। বিক্ষোভ ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।
এর আগে জুন ও জুলাইয়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনেও অংশ নেন যশস্বিনী। ওই আন্দোলনে বিক্ষোভকারীরা তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছিলেন। সে সময় সিজেপির কর্মসূচির প্রতিও সমর্থন জানিয়েছিলেন তিনি।
