স্টাফ রিপোর্টার : সরকারি চাকরিজীবীরা মূল বেতনের সঙ্গে বিভিন্ন ভাতা পেয়ে থাকেন। এর মধ্যে ৪২ ধরনের ভাতা বা সুবিধাদি করমুক্ত রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিবার)।
মাত্র তিন ধরনের ভাতায় কর যুক্ত করা হয়েছে। তবে সব সরকারি চাকরিজীবী এসব ভাতা পান না। চাকরির ধরন অনুসারে এসব ভাতা দেওয়া হয়।
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো করেছে সরকার।
অক্টোবর মাসের বেতনেই তারা বাড়তি টাকা পাবেন। সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি কর্মকর্তারা।
এনবিআরের তথ্য অনুযায়ী, এবারের আয়কর রিটার্নে বাড়তি বেতন–ভাতার তথ্য দিতে হবে না। গত অর্থবছরের যা আয় করেছেন তারা, সেই আয়ের ওপর কর দিতে হবে।
২০২৬-২৭ অর্থবছরের আয়কর রিটার্ন নির্দেশিকা অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৬–২৭ অর্থবছরের আয়কর নির্দেশিকায় ৪২ ধরনের ভাতা ও সুবিধাকে করমুক্ত রাখা হয়েছে।
এর মধ্যে রয়েছে চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা, বাড়িভাড়া ভাতা, শ্রান্তি ও বিনোদন ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, কার্যভার ভাতা, পাহাড়ি ভাতা, ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, পোশাক ভাতা, আপ্যায়ন ভাতা, ধোলাই ভাতা, বিশেষ ভাতা, প্রেষণ ভাতা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা, জুডিশিয়াল ভাতা, চৌকি ভাতা, ডোমেস্টিক এইড অ্যালাউয়েন্স, ঝুঁকি ভাতা, অ্যাকটিং অ্যালাউন্স, মোটরসাইকেল ভাতা, আর্মরার অ্যালাউন্স, নিঃশর্ত যাতায়াত ভাতা, টেলিকম অ্যালাউন্স , ক্লিনার অ্যালাউন্স, ড্রাইভার অ্যালাউন্স, মাউন্টেড পুলিশ অ্যালাউন্স, পিবিএক্স অ্যালাউন্স, সশস্ত্র শাখা ভাতা, বিউগলার অ্যালাউন্স, নার্সিং অ্যালাউন্স, দৈনিক বা খোরাকি ভাতা, ট্রাফিক অ্যালাউন্স, রেশন মানি, সীমান্ত ভাতা, ব্যাটম্যান ভাতা, ইন্সট্রাকশনাল অ্যালাউন্স, নিযুক্তি ভাতা, আউটফিট ভাতা এবং গার্ড পুলিশ ভাতা।
তবে সরকারি চাকরিজীবীদের তিন আয়ে নির্ধারিত আয়কর দিতে হবে। সেগুলো হলো—একজন কর্মচারীর মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস।
