সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
শিক্ষকের মর্যাদা ও পেশাগত সুরক্ষার দাবিতে কুড়িগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত
daily-fulki

শিক্ষকের মর্যাদা ও পেশাগত সুরক্ষার দাবিতে কুড়িগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত

 

কুড়িগ্রাম প্রতিনিধি : শিক্ষকদের পেশাগত সুরক্ষা, সামাজিক মর্যাদা ও অধিকার নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে কুড়িগ্রামে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬।

সোমবার (৫ অক্টোবর) ‘শিক্ষকদের পাশে থাকা: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবারের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. কুদরত-এ-খুদা।

সভায় জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী, বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ নুর বখত, জেলা জামায়াতে ইসলামীর আমির প্রফেসর আজিজুর রহমান সরকার, প্রেসক্লাবের সভাপতি শফি খান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ প্রজন্ম গড়ার প্রধান কারিগর। শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও অধিকার নিশ্চিত করা জরুরি। শিক্ষকদের সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. কুদরত-এ-খুদা বলেন, “শিক্ষকরা শুধু পাঠদান করেন না, তারা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণ করেন। শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।”

আলোচনা সভায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তাদের মতামত ও শিক্ষকদের অংশগ্রহণে দিবসটির আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

 

সর্বাধিক পঠিত